বিষাদময় বসন্ত

বিষাদময়  বসন্ত
ইমদাদ মোহাম্মদ

আমি ফাগুনের আহাজারি  শুনতে পাই।
কাল বৈশাখী দিয়েছে দুয়ারে হানা,
মধুর সুরে কোকিল আর গান করে না,
দক্ষিণা বাতায়ন কালো রঙে  আচ্ছন্ন হয়ে আছে।

 ফুল পাখি উজাড়  হয়ে গেছে,
খা খা করছে ফসলের মাঠঘাট।
বিষাক্ত বাতাসে আচ্ছন্ন লোকালয়, 
নদীকূলে মরা মাছের গন্ধবাহ, 
অম্ল বৃষ্টিস্নাত ক্ষিপ্ত ধরা।

বাসন্তী  আজ বড়ই বেমানান,
আজ তরুণীর খোঁপায় বসন্ত !
ফুল না ফুটলেও আজ বসন্ত !
কোকিল না ডাকলেও আজ বসন্ত।

আমি সেই বসন্ত ফিরে পেতে চাই,
যেখানে কৃষ্ণচূড়ার রক্ত আর না ঝরে ।
আমি সেই বসন্ত ফিরে পেতে চাই,
যেখানে দক্ষিণা বাতায়নে পলাশের গন্ধ,
মনের সুখে পাখিরা গান করে,
গাছের শেকড় মনে রাখেনি পুরাতন অতীত ।

সেখানে নদীতে ফুটছে নীল পদ্ম,
শিমুল, কৃষ্ণচূড়া রক্তিম উজ্জ্বল।
ফাগুনি রঙে আলোকিত ধরণী ,
তখনি আসবে আমার বসন্ত।